২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুতার দাম কমানোর আহ্বান হোসিয়ারি সমিতির

এক সপ্তাহের মধ্যে সুতার মূল্য সহনশীল পর্যায়ে আনতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 03:10 PM

Updated : 24 Aug 2022, 09:06 PM

নারায়ণগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহের মধ্যে সুতার মূল্য সহনশীল পর্যায়ে আনতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন। সোমবার বিকালে নারায়ণগঞ্জ শহরের সোহরাওয়ার্দী সড়কে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সুতা উৎপাদনের সঙ্গে জড়িত চিছু স্পিনিং মিল মালিক সিন্ডিকেট করে মজুদ করার কারণে সুতার মুল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ কারণে হোসিয়ারি শিল্প হুমকির মুখে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত প্রায় চার হাজার প্রতিষ্ঠানে অন্তত দশ লাখ শ্রমিক এ শিল্পের সঙ্গে জড়িত রয়েছে বলে সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের নেতা আজহার হোসেন, আমির শেখ, দুলাল মল্লিক, শাহজাহান সরকার, বাবুল দাস, নাসিরউদ্দিন প্রমুখ। অ্যাসোসিয়েশন নেতারা সাংবাদিকদের বলেন, নানা প্রতিকূলতার মধ্যে এই শিল্প অবস্থান টিকিয়ে রেখেছে। এই শিল্পের গেঞ্জি উৎপাদনের প্রধান কাচাঁমাল হলো সুতা। গত কয়েকদিনে সুতার অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় বেড়ে গেছে। তারা জানান, ৬০/১ কাউন্টের সুতার মূল্য প্রতি পাউন্ড চার-পাঁচ মাস আগে ছিল ১২২ টাকা। বর্তমান বিক্রি হচ্ছে ১৮২ টাকায়। ৫০/১ কাউন্টের সুতা প্রতি পাউন্ড ৮৮ টাকার স্থলে হয়েছে ১২২ টাকা। ৪০/১ কাউন্টের সুতা হয়েছে ৬৮ টাকা থেকে ১২২ টাকা। ৩০/১ কাউন্টের সুতা ৫৮ টাকার স্থলে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। অস্বাভাবিকভাবে সুতার মূল্য বৃদ্ধি পাওয়ায় এ শিল্পের পণ্যের দামও বাড়ছে। এতে দিন দিন উৎপাদন কমে যাওয়ায় হোসিয়ারি শিল্প হুমকির মুখে পড়েছে। তাই শিল্পটি টিকিয়ে রাখার স্বার্থে অসোসিয়েশনের নেতারা সুতার মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনে বিদেশ থেকে সুতা আমদানির পরামর্শ দেন সরকারকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.