ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাদি সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদসহ চার জনের বিরুদ্ধে রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার বিচার কাজ আবারো পিছিয়ে দেয়া হয়েছে।
সাক্ষ্য গ্রহনের পূর্বনির্ধারিত দিন সোমবার মামলার বাদী তৎকালীন দুনীর্তি দমন ব্যুরোর সহকারী পুলিশ সুপার আলী হায়দার আদালতে হাজির না হওয়ায় বিচারক আগামি ৮ জুলাই এ মামলায় সাক্ষ্য গ্রহনের তারিখ পুনরায় ধার্য করেন।
আদালতের পেশকার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত পনের থেকে ষোল বার বাদিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলেও তা কার্যকর হয়নি। তিনি জানান, পুলিশের মহাপরিদর্শক এবং দুদকের মহাপরিচালককে এর আগে বাদির হাজিরার ব্যাপারে তাগিদ দেয়া সত্ত্বেও কোন কাজ হয়নি।
নথিপত্রে দেখা গেছে, বিচারক পরোয়ানায় উল্লেখ করেছেন, বাদি/এজাহারকারী সাক্ষ্য দিতে না আসায় গুরুত্বপূর্ন এ মামলার বিচারকাজে বিলম্ব হচ্ছে।
সোমবার বিচারক বাদী হায়দারের বিরুদ্ধে আবারো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে গত ১১ ফেব্র"য়ারি এবং ১৮ মার্চও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই বিচারক। ওই পরোয়ানা দুদক এবং পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়ে পাঠানো হয়।
মামলার নথিপত্রে দেখা যায়, ১৯৯০ সালে এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর ১৯৯২ সালের ৪ এপ্রিল ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। মামলায় অভিযোগে বলা হয়, এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অপর আসামীদের সঙ্গে যোগসাজশে ফ্রান্স থেকে রাডার না কিনে অপেক্ষাকৃত বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে কেনেন। এতে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯ শ ১৮ টাকার ক্ষতি হয়। এর মাধ্যমে আসামীরা সবাই মিলে সরকারি টাকা আত্মসাত করেন।
১৯৯৪ সালের ২৭ নভেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। ৯৫ সালের ১২ আগষ্ট এরশাদসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
সোমবার এরশাদের পক্ষে অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আইনজীবীর মাধ্যমে হাজিরা (বাই এজেন্ট) দেন। এ মামলার অপর আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ আদালতে হজির হন। ওই বাহিনীর অপর একজন সাবেক প্রধান মমতাজও উদ্দিন আহমেদ আদালতে হাজির হননি। তিনি হজিরার জন্য আইনজীবীর মাধ্যমে সময় চান।
এ মামলায় অপর অভিযুক্ত ইউনাইটেড ট্রের্ডাসের এ কে এম মুসা পলাতক। অপর অভিযুক্ত ইউনাইটেড ট্রের্ডাসের সাবেক পরিচালক শাহজাদ আলীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার নথিতে দেখা যায়, রমনা মডেল থানার উপপরিদর্শক আসাদুজ্জামান আদালতে দাখিল করা প্রতিবেদনে বলেছেন, বাদির ঠিকানা কেউ বলতে পারছেন না এবং তাকে গ্রেফতার করা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৮০২ঘ
bdnews24