ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সরকারের উদ্দেশে বলেছেন, অন্যের ঘাড়ে দোষ চাপানোর মানসিকতা পরিহার করুন। সেইসঙ্গে তিনি পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টিকারী 'তৃতীয় পক্ষকে' খুঁজে বের করার দাবি জানান।
রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ''ওই তৃতীয় পক্ষ কারা? যারা আমাদের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করছে, তা খুঁজে বের করতে হবে। যারা চায় না বাংলাদেশে এই শিল্পটি সমৃদ্ধ হোক- তারাই এ বিশৃঙ্খলা করে থাকে। প্রধানমন্ত্রীর উচিত কথা না বলে তাদের খুঁজে বের করা।''
তিনি বলেন, অন্যের ঘাড়ে দোষ চাপানো বাদ দিয়ে শ্রমিকদের উন্নয়নে সরকারকে কাজ করতে হবে। এ সরকার শ্রমিকবান্ধব নয়। চাকরিচ্যুত ও হয়রানি করে শ্রমিকদের ওপর নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। এটা বন্ধ করতে হবে।
শনিবার মে দিবসের সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টিতে 'তৃতীয় পক্ষের' জড়িত থাকার তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেন। অবশ্য এ তৃতীয় পক্ষ কারা, তা জানাননি প্রধানমন্ত্রী।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মে দিবস ও সংগঠনটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
দেলোয়ার অভিযোগ করেন, এ সরকার কৃষক-শ্রমিকদের কল্যাণের কথা বলে ক্ষমতায় এসেছে। অথচ ক্ষমতায় এসে শিল্প-কারখানা বন্ধ করা হচ্ছে। শ্রমিক ছাটাই হচ্ছে। এ থেকে বুঝা যায়, তারা শ্রমিকবান্ধব নয়।
শ্রমিকদের কল্যাণে একযোগে আন্দোলন-সংগ্রাম করার জন্য শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১১০ ঘ.
bdnews24