সিলেট, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর যতরপুর এলাকা থেকে রোববার বিকালে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত লিজা দাস (৩০) যতরপুর নবপুষ্প ৩৯ নম্বর বাসার নীলকান্ত দাসের স্ত্রী। ঘটনার পর থেকে নীলকান্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক আইন উদ্দিন জানান, লিজার ননদ শংকরী দাস বিকাল ৪টার দিকে বাথরুমে লাশ দেখলে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ঘটনার পর থেকে লিজার স্বামী নীলকান্ত দাস পলাতক রয়েছেন। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24