২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার যানজট নিরসন সরকারের চ্যালেঞ্জ: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতাধীন কুড়িল ফ্লাইওভারের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 12:26 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতাধীন কুড়িল ফ্লাইওভারের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রায় ৩০৬ কোটি টাকা ব্যয়ে ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ও ৬ দশমিক ৭ মিটার থেকে ৯ দশমিক ২ মিটার পর্যন্ত প্রশস্ত এ বহুমুখী ফ্লাইওভার নির্মাণ করছে। নিজস্ব অর্থায়নে রাজউক এ প্রকল্প বাস্তবায়ন করছে। দুই বছর মেয়াদি এ প্রকল্পের কাজ ২০১২ সালের এপ্রিল নাগাদ শেষ হবে। দেশে এটিই এধরনের প্রথম ফ্লাইওভার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজধানীর দুঃসহ যানজটের কথা উল্লেখ করে বলেন, ঢাকাবাসীকে যানজটের কবল থেকে পরিত্রাণ দেওয়া ও তাদের চলাচলের পথ সহজ করাকে এই সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তিনি বলেন, "ইতিমধ্যে এলিভেটেড এক্সপ্রেওয়ে নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে। তাছাড়া জাপান সরকারের সহায়তায় সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। "পুরান ঢাকার যানজট নিরসনে গুলিস্তানের গোলাপশাহ মাজার থেকে বাবু বাজার পর্যন্ত অপর একটি ফাইওভারের কাজও খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে।" রাজধানীর ওপর জনসংখ্যার চাপ কমাতে প্রশাসনের বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, ঢাকার বাইরে শিল্প স্থাপন করা হলে বিশেষ সুবিধা দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি জানান, ঢাকা নগরীতে জনসংখ্যার চাপ কমাতে এর চারদিকে নতুন ৪টি স্যাটেলাইট শহর গড়ে তোলার কার্যক্রম চলছে। ইতোমধ্যে সাভার ও গাজীপুরে স্যাটেলাইট শহর স্থাপনের কাজ এগিয়ে চলেছে। রাজধানীতে অপরিকল্পিত নগরায়ন বন্ধ এবং যানজট, জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ থেকে নগরবাসীকে রক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। তিনি এব্যাপারে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান। কুড়িল ফ্লাইওভার প্রকল্পের লক্ষ্য হচ্ছে- ঢাকার সঙ্গে পূর্বাচল নতুন শহরের সংযোগ স্থাপন, বিমানবন্দর সড়ক ও প্রগতি স্বরণির সংযোগস্থলে যানজট হ্রাস এবং নগরীর উত্তর-পশ্চিম অংশের পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ঢাকার সঙ্গে পূর্বাচল নতুন শহরের সংযোগ স্থাপনে এ প্রকল্পের আওতায় ৩০০ ফুট প্রশস্ত একটি সংযোগ সড়কও নির্মাণ করা হচ্ছে। এ সংযোগ সড়কটি কুড়িলে সড়ক-রেল সংযোগস্থলের কাছে বিমান বন্দর সড়কে মিলিত হবে। এ ফ্লাইওভার নির্মিত হলে ৩০০ ফুট প্রশস্ত ঢাকা-পূর্বাচল সড়ক হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা ইস্টার্ণ বাইপাস সড়কের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, স্থানীয় সাংসদ এ কে এম রহমতউল্লাহ ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২০২৮ ঘ.