২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙমাটিতে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সদস্য নিহত

রাঙামাটির জুড়াছড়ি উপজেলা সদরের লেবার পাড়ায় রোববার সকালে দুই দল অস্ত্রধারীর মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 12:13 PM

Updated : 24 Aug 2022, 09:05 PM

রাঙামাটি, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির জুড়াছড়ি উপজেলা সদরের লেবার পাড়ায় রোববার সকালে দুই দল অস্ত্রধারীর মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নিহত প্রশান্ত চাকমা পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য এবং এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের জুড়াছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক ছিলেন। তিনি লেবার পাড়া এলাকার প্রেম কুমার চাকমার ছেলে। এ ঘটনার জন্য ইউপিডিএফ চুক্তির পক্ষের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। জুড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আবু আলী মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১১টার দিকে লেবার পাড়ায় জেএসএস-এর একদল সদস্য ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা করে। ইউপিডিএফও পাল্টা গুলি করে। উভয় পক্ষের মধ্যে আধাঘণ্টার বন্দুকযুদ্ধে প্রশান্ত ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।" গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব মাইকেল চাকমা এই হত্যাকান্ডে জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তবে জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এই বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৩৭ ঘ.