২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিজ্ঞাসাবাদ শেষে মোস্তফা কারাগারে

হুজি নেতা গোলাম মোস্তফাকে দুই দফায় নয় দিন জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 10:30 AM

Updated : 24 Aug 2022, 09:05 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুজি নেতা গোলাম মোস্তফাকে দুই দফায় নয় দিন জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশ রোববার মোস্তফাকে ঢাকার হাকিম আদালতে হাজির করে। পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য আর কোনো আবেদন না থাকায় মহানগর হাকিম ইসমাইল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক ফজলুল হক তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান। জামিনে ছাড়া পেয়ে নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীকে (হুজি) সংগঠিত করার উদ্যোগ নেওয়ার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ মোস্তফাকে গত ১৬ এপ্রিল সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দুটি মামলা দায়ের হয়। সে মামলায়ই তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের আবেদনে পুলিশ বলেছিলো, মোস্তফা দেশে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য জঙ্গিদের সংগঠিত করছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬১৬ ঘ.