ময়মনসিংহ, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার চুরখাই জামতলা এলাকায় শনিবার সন্ধ্যায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।
নিহতদের মধ্যে রয়েছেন গফরগাঁও উপজেলার মুখী গ্রামের সুরুজ (৩৬) ও তার ভাই আব্দুর রউফ (৩৪) এবং তাদের ভাগ্নে মাহবুব (২৪)। নিহত প্রাইভেটকার চালকের পরিচয় পাওয়া যায়নি।
আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ও আহত সবাই প্রাইভেটকারের যাত্রী। চালক ছাড়া সবাই গফরগাঁও উপজেলার মুখী গ্রামের বাসিন্দা।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, গফরগাঁও থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামতলা পৌঁছলে বিপরীতমুখি একটি বাসের সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারটি বাসের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দু'জন এবং হাসপাতালে নেয়ার পথে অপর দু'জনের মৃত্যু হয়।
পুলিশ ও দমকলের কর্মীরা প্রাইভেটকারটি উদ্ধার করে লাশ বের করে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০২ ঘ.
bdnews24