ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকের ন্যায্য মজুরি, কাজের শোভন পরিবেশ এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়ার দাবি জানিয়েছে সরকার সমর্থক সংগঠন জাতীয় শ্রমিক লীগ।
শনিবার মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করে শ্রমিক লীগ।
শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্রের নেতৃত্বে ওই শোভাযাত্রায় ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সহ সভাপতি ফজলুল হক মন্টু, হাবিবুর রহমান আজাদ, আশরাফ আলী খান, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, আইন বিষয়ক সম্পাদক সাইদুর রহমাম, সাবেক সভাপতি আব্দুস সালাম খান প্রমুখ।
সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিনেও দেশে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হয়নি। এখনো কথায় কথায় শ্রমিক ছাঁটাই হয়।
শ্রমিক লীগ নেতারা শ্রমিক ছাঁটাই বন্ধের পাশাপাশি স্বতন্ত্র বেতন কাঠামো প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তুলে ধরে তা পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মে দিবসের সমাবেশে বিরোধী দল সমর্থক জাতীয়তাবাদী শ্রমিক দলও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৫১৫ ঘ.
bdnews24