ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচারপত্র বিলির সময় শুক্রবার দুপুরে ঢাকা ও চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর'র ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে কম্পিউটার, জিহাদি বই ও বেশকিছু প্রচারপত্রও জব্দ করা হয়।
ঢাকা মহানগরীর শিল্পাঞ্চাল থানার উপ-পরিদর্শক শাহাবুদ্দিন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুম্মার নামাজের পর রহিম মেটাল মসজিদের গেটে প্রচারপত্র বিতরণের সময় স্থানীয় জনগণের সহায়তায় শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এরপর আরজত পাড়ায় তার মেস থেকে একটি কম্পিউটার, বেশ কিছু জিহাদি বই এবং সরকার বিরোধী বিপুল সংখ্যক প্রচারপত্র উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, মেসে তার এক সহযোগী ছিল। পুলিশের অভিযানের ব্যাপারটি টের পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যায়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মুনির হোসেন বলেন, মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয় সাকির খান ও মো. মহিনুজ্জামানকে।
এছাড়া লালমাটিয়া জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয় মাহমুদুল হাসান ও নূর মোহাম্মদকে।
ধানমণ্ডি থানার ওসি শাহ আলম জানান, ধানমণ্ডির ৬/এ সড়কের ঈদগা জামে মসজিদের সমনে থেকে গ্রেপ্তার করা হয় মো. মহিউদ্দিন আহমেদ, আশিক ইকবাল, ফেরদৌস ফয়সল, মহিউদ্দিন আহমেদ হাসান ও শহীদুল ইসলাম শাহীনকে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সূত্রাপুরের যুগীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এহসান আহমেদকে (২২)।
এহসান ওয়ারীর ৫ নম্বর একে সেন লেনের বোরহান উদ্দিন আহমেদের ছেলে।
এছাড়া পল্টন থানা পুলিশ সাইফুল নামের একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানা হেফাজতে রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ থানার উপ-পদির্শক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালুছড়া বায়তুল কাদের মসজিদে দুপুর পৌনে দুইটা নাগাদ সংগঠনের প্রচারপত্র বিলির সময় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তৃতীয় বর্ষের ছাত্র রাশেদ আহমেদ মজুমদারকে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকার আগারগাঁওয়ের শেখ আহমেদ মজুমদারের ছেলে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, জুমার নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার সময় প্রচারপত্র বিতরণ করছিলেন মোজাম্মেল হোসেন মানিক (২০)। তিনি জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
ফিরোজ শাহ জামে মসজিদে লিফলেট বিতরণের সময় সীতাকুণ্ড লতিফা সিদ্দিকা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মিনহাজ উদ্দিনকে (২১) গ্রেপ্তার করা হয় বলে জানান খুলশী থানার এএসআই মো. শাহজালাল। মিনহাজ সীতাকুণ্ডের আমিরাবাদ গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।
প্রচারপত্রে শেখ হাসিনার সরকারকে অপসারণের আহ্বান জানিয়ে বলা হয়, "হে মুসলিমগণ! শেখ হাসিনা আপনাদেরকে ক্রুসেডার আমেরিকা এবং মুশরিক শত্র"রাষ্ট্র ভারতের হাতে সমর্পণ করতে যাচ্ছে; এ ঘৃণ্য কাজে সে সফল হবার পূর্বেই তাকে অপসারণ করুন।"
প্রচারপত্রের শেষে 'হিযবুত তাহরীর উলাই'য়াহ্ বাংলাদেশ' উল্লেখ আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/পিডি/এলএইচ/ডিডি/এমএসবি/০০৪৮ ঘ.
bdnews24