ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের গণতান্ত্রিক সহনশীলতাকে দুর্বলতা মনে করলে বিএনপি ভুল করবে বলে জানিয়েছেন মাহবুব-উল-আলম হানিফ।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার এক বিবৃতিতে একথা বলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ।
"উস্কানিমূলক আচরণ ও বক্তব্য দিয়ে দুষ্কর্মের দায়ভার থেকে (বিএনপির) মুক্তির কোন পথ নেই," বলেও মন্তব্য করেন হানিফ।
থিম্পুতে মনমোহন সিং-শেখ হাসিনার বৈঠকের প্রসঙ্গ ধরে শুক্রবার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে চাইছে ভারত।
পুরান ঢাকার আরমানিটোলায় নিজের বাড়িতে সাংবাদিকদের ওই কথা বলেন তিনি।
বিবৃতিতে হানিফ বলেন, মতলববাজ চিহ্নিত একটি গোষ্ঠী গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে এমন কোন কাজ নেই যা তারা লেখনী ও টক শোর মধ্য দিয়ে করছে না।
জনগনের স্বার্থে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, বিএনপি নেতারা প্রতিনিয়ত বাস্তবতা বিসর্জন দিয়ে মিথ্যাচার চালিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার তৎপরতা চালাচ্ছেন।
গণতন্ত্রের শত্র" যত বড় ব্যক্তি বা গোষ্ঠী হোক না কেন দেশবাসীকে সঙ্গে নিয়ে অবশ্যই তার মোকাবেলা করা হবে বলে জানিয়ে বিবৃতিতে বলা হয়, দুর্নীতিবাজ যত বড়ই হোক না কেন আইনা অনুযায়ী অবশ্যই তার বিচার ও শাস্তি লাভ দেশের স্বার্থে নিশ্চিত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২১০৪ ঘ.
bdnews24