শেরপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উজানা থেকে নামা ঢলে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত সদর উপজেলার দুটি ইউনিয়নের প্রায় তিনশ' হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
সদর উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চর পক্ষীমারী ও চর মুচারিয়া ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
পানি বাড়া অব্যাহত থাকলে আরো কয়েক হাজার হেক্টর জমি তলিয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
চর মুচারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান জানান, নদীর পানি প্রায় এক মিটার বেড়েছে। এতে নিম্নাঞ্চলের বোরো, বাদামসহ ফসলি জমি তলিয়ে গেছে।
এ ব্যাপারে পানি উন্নয়নে বোর্ডের (পাউবো) বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০৫৯ ঘ.
bdnews24