কামরান রেজা চৌধুরী
থিম্পু থেকে
থিম্পু, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক নেতারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তবে তারা গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাসে আইনি বাধ্যবাধকতা সংবলিত একটি প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছেন।
সেইসঙ্গে তারা এ বছরের শেষের দিকে মেক্সিকোতে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে একটি ঐক্যবদ্ধ অবস্থান নিতেও ব্যর্থ হন।
থিম্পু ঘোষণার পাশাপাশি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বিশেষ বিবৃতির মধ্য দিয়ে বৃহস্পতিবার ভুটানের রাজধানীতে সার্কের ষোড়শ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে।
স্বাগতিক ভুটানের পীড়াপীড়িতে সদস্য রাষ্ট্রগুলো 'জলবায়ু পরিবর্তন'-কে ১৬ তম সার্ক শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হিসেবে বেছে নেয়। মেক্সিকোয় পরবর্তী জলবায়ু আলোচনায় সার্কের পক্ষ থেকে একটি অভিন্ন অবস্থানেরও আহ্বানও জানিয়েছে থিম্পু।
বৃহস্পতিবার থিম্পুতে সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এই বিশেষ বিবৃতি গৃহীত হয়। এতে বলা হয়, সার্ক দেশগুলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে রয়েছে। সেইসঙ্গে উন্নয়ন নিশ্চিত এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার চ্যালেঞ্জের মুখোমুখি সদস্য দেশগুলো।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দীর্ঘ ২৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ইস্যুতে একটি আলাদা বিশেষ বিবৃতি গ্রহণ করা হলো।
ওই বিবৃতিতে বলা হয়, এ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মাত্রা নিরূপণে সমীক্ষা চালানোর জন্য সার্ক মহাসচিব ব্যবস্থা গ্রহণ করবেন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিয়, প্রযুক্তির আদান-প্রদান থেকে দক্ষিণ এশিয়া উপকৃত হতে পারে।
এতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সার্ক সংস্থা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। বর্তমানে পরিবেশ বিষয়ক সার্ক কমিটি রয়েছে।
বিবৃতিতে বলা হয়, সার্ক নেতারা সদস্য দেশগুলোতে পাঁচ বছরে এক কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।
থিম্পু ঘোষণায়ও জলবায়ু পরিবর্তন প্রধান্য পায়। এতে বলা হয়, "সার্ক নেতারা সম্মেলনের মূল প্রতিপাদ্য হিসেবে 'জলবায়ু পরিবর্তন'-কে বেছে নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে এ চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তারা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিবৃতি অনুমোদন করে এতে বর্ণিত সুপারিশমালা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।"
থিম্পু ঘোষণায় বিদ্যুতের জন্য একটি সার্ক বাজার গড়ে তোলার লক্ষ্যে রূপরেখা প্রণয়নের ভারতীয় প্রস্তাব গৃহীত হয়েছে।
সার্ক ঘোষণায় নেতারা জোরালো ভাষায় সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে এ অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেছেন। আর এজন্য তারা আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
তারা সার্ক গণতন্ত্র সনদ অন্তর্ভুক্তির বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে এই গণতন্ত্র সনদের পক্ষে কথা বলেছিলেন।
আটটি দেশের নেতারা এ অঞ্চলে জ্বালানি বাণিজ্যের বিকাশে জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন। তারা আঞ্চলিক জ্বালানি প্রকল্প গড়ে তোলা ও এই অঞ্চলে বিদ্যুত বাণিজ্যের বিকাশের লক্ষ্যে সমীক্ষা চালানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরােপ করেন।
এর আগে সম্মেলনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্ক অঞ্চলে বিদ্যুতের একটি আঞ্চলিক গ্রিডের প্রস্তাব করেছিলেন।
ভারত ও ভুটান থেকে বিদ্যুত আমদানির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সার্ক ঘোষণায় আরো বলা হয়, সেবাখাতে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়াকে স্বাগত জানিয়েছেন নেতারা। এর ফলে বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নিজেদের সেবাখাতকে উন্মুক্ত করার লক্ষ্যে শিগগিরই এই চুক্তি অনুমোদনের জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২৩৫৪ ঘ.
bdnews24