২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

রাজশাহীর মোহনপুরে অপহরণের তিনদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 05:10 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

রাজশাহী, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর মোহনপুরে অপহরণের তিনদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে র‌্যাব। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত মাহফুজুর রহমান অলি (৮) মোহনপুর উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। সে কৃষ্ণপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রব মীরের ছেলে। বৃহস্পতিবার ভোরে উপজেলার বেড়াবাড়ি গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে অলির লাশ উদ্ধার করে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা। অপহরণ ও খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক অলির দুই ভগ্নিপতি সাহেব আলী (৩২) ও মুকুল হোসেনকে (২৮) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। র‌্যাব-৫'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঈন উদ্দিন মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুল থেকে অলিকে অপহরণ করা হয়। এরপর সাহেব আলীর মোবাইল ফোন থেকে অলিকে মেরে ফেলার হুমকি দিয়ে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণের ঘটনায় একই দিন মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন অলির বাবা। পরদিন র‌্যাব কার্যালয়ে অভিযোগ করেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় মুকুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। মুকুলের দেওয়া তথ্যানুযায়ী বুধবার রাত ২টার দিকে সাহেব আলীকে রাজশাহী নগরীর উপশহর থেকে গ্রেপ্তার করা হয়। সাহেব আলীর বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার সুকানদিঘি গ্রামে। মুকুলের বাড়ি মোহনপুরের বেড়াবাড়ি এলাকায়। র‌্যাব কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে অলিকে অপহরণের পরে হত্যার কথা স্বীকার করেছেন মুকুল। তার দেওয়া তথ্যানুযায়ী বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে বেড়াবাড়ি মধ্যপাড়া গ্রামের আজিজুলের ভূট্টা ক্ষেতে মাটি চাপা দেওয়া অবস্থায় অলির লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরে গ্রেপ্তারকৃত দুজনকে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মঈন উদ্দিন। মোহনপুর থানার ওসি নিরুল ইসলাম জানান, আসামিদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে তাদের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২৩০০ ঘ.