২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

শ্যালিকাকে হত্যার অভিযোগে বরগুনায় বৃহস্পতিবার সাবেক এক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 06:53 AM

Updated : 24 Aug 2022, 08:59 PM

বরগুনা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্যালিকাকে হত্যার অভিযোগে বরগুনায় বৃহস্পতিবার সাবেক এক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম (৫০) সদর উপজেলার গুদিঘাটা গ্রামের আবদুল লতিফ খানের ছেলে। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক কাজী গোলাম সারওয়ার রায়ে শহিদুলকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডও দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়, শহিদুল তার শ্যালিকা পার্শ্ববর্তী সাহেবের হাওলা গ্রামের লাভলীর (২২) সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়েছিলেন। ২০০৩ সালের ৫ নভেম্বর তিনি শ্যালিকা ও তার বান্ধবী উত্তর লাকুরতলা গ্রামের নার্জিয়া বেগমকে নিয়ে কুয়াকাটা বেড়াতে যান। কুয়াকাটায় নার্জিয়ার সঙ্গে নতুন করে শহিদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কুয়াকাটা থেকে ফেরার পথে ৬ নভেম্বর রাতে সাহেবের হাওলা গামের কাছে শহিদুল তার শ্যালিকা লাভলীকে কুপিয়ে হত্যা করেন। পরদিন স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মোখলেসুর রহমান বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ৮ নভেম্বর রাতে উপজেলার জেলখানা গ্রাম থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। ২০০৪ সালের ৩১ আগস্ট পুলিশ মামলার অভিযোগপত্র জমা দেয়। আদালত নার্জিয়াকে বেকসুর খালাশ দেওয়ায় বৃহস্পতিবার তিনি মুক্তি পেয়েছেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার। আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৪৭ ঘ.