ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর গুলশান এলাকার একটি ফ্ল্যাটে বুধবার বিকালে এক গৃহকর্মীকে জবাই করে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ফ্ল্যাট মালিকের গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরেক গৃহকর্মীকে।
নিহত গৃহকর্মীর নাম- সখিনা বেগম (৩৫)।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ১৬ নম্বর বাড়ির ছয়তলায় চিৎকার শুনে আশপাশে ভিড় জমে যায়।
এ সময় ফ্ল্যাটের গৃহকর্মী রুবিনা চিৎকার করে বলতে থাকেন সখিনাকে খুন করেছে গাড়িচালক হাবিবুর রহমান।
হাবিবুর রহমানকে এলাকাবাসী মারধর করে পুলিশে দিয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে সখিনার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, ঘটনার সময় ফ্ল্যাটের মালিক ইউনুসুজ্জামান ছিলেন না।
জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মী রুবিনাকে আটক করা হয়েছে। তবে কী কারণে সখিনাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি এসআই রবিউল।
বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমএসবি/০০১৮ ঘ.
bdnews24