ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার শ্যামপুরের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী ফরিদউদ্দিন সরকার হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী রোজেন গ্র"পের সদস্য পলাতক মো. জসীম ও কামাল হোসেন পাভেল ওরফে বিপ্লব।
খালাসপ্রাপ্তরা হলেন- তোফাজ্জল হোসেন, রাজীব হোসেন ইব্রাহিম, মো. জাকির হোসেন রাজু ও রনি আহমেদ সুজন। অপরাধ প্রমাণিত না হওয়ায় তারা বেকসুর খালাস পান।
রায় উপলক্ষে তোফাজ্জলকে কারাগার থেকে হাজির করা হয়। জামিনে থাকা রাজীব আদালতে হাজিরা দেন। রাজু ও সুজন পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৩ আগস্ট সকালে রায়েরবাগ বাসস্ট্যান্ডে নিজ মালিকানাধীন তমা হোটেলে স্থানীয় চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের হাতে খুন হন ফরিদউদ্দিন সরকার।
এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া খানম আটজনের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা দায়ের করেন।
পরে ওই আটজনকে বাদ দিয়ে স্থানীয় সন্ত্রাসী চক্র রোজেন গ্র"পের ছয় সদস্যের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. গিয়াসউদ্দিন অভিযোগপত্র দাখিল করেন।
মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম।
ফরিদউদ্দিন সরকারের শ্যালক মো. জুয়েল রায়ে সন্তোষ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এজে/১৪০৮ ঘ.
bdnews24