২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

মুন্সীগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার রাতে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে আহত একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 04:11 AM

Updated : 24 Aug 2022, 08:57 PM

মুন্সীগঞ্জ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার রাতে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে আহত একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের নাম জাকির হোসেন (৩৪)। তার বাড়ি সদর উপজেলার সিপাহীপাড়ার বল্লালবাড়ি গ্রামে। আহত সদর উপজেলার হাতিমারা গ্রামের সবুজ (২০), নারায়ণগঞ্জের গোপচরের আল-আমিন (২৫) ও মদনগঞ্জের রমজান (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বুধবার সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নাসির নামের এক ব্যবসায়ী সদরের নয়াগাঁও হাবিব চেয়ারম্যানের বাড়ি থেকে পাঁচ লাখ ৫২ হাজার টাকা নিয়ে মটরসাইকেলে নিজের বাড়িতে যাচ্ছিলেন। পথে পঞ্চসার চৌরাস্তার কাছে ওঁত পেতে থাকা ছয় ছিনতাইকারী সিএনজি ট্যাক্সি দিয়ে তার গতিরোধ করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এর পরপরই নাসির ও তার সঙ্গী জাহিদ তাদের ধাওয়া করে। তাদের চিৎকারে এলাকাবাসী ছিনতাইকারীদের আটকের চেষ্টা করে। ছিনতাইস্থল থেকে দেড় কিলোমিটার দূরে রতনপুর আনসার ক্যাম্পের কাছে চার ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী। মাঝে দুজন টাকা নিয়ে অস্ত্রসহ পালিয়ে যায়। ওসি বলেন, এরপর চারজনকে তারা পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে জাকিরের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৫১ ঘ.