২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি বিরোধ: ১০০টি আবেদন জমা পড়েছে

ভূমি বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত প্রায় ১০০টি আবেদনপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 05:46 PM

Updated : 24 Aug 2022, 08:53 PM

বান্দরবান, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত প্রায় ১০০টি আবেদনপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার সকালে বান্দরবান সার্কিট হাউসে কমিশনের নবম বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। কমিশন প্রধান বলেন, ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্টদের কাছে দরখাস্ত আহবান করা হয়েছিল গত মার্চ মাসে। খাগড়াছড়ির আবেদনপত্র ওই জেলায় অবস্থিত কমিশনের প্রধান কার্যালয় কিংবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, বান্দরবান ও রাঙ্গামাটির আবেদনপত্র তাদের জেলা প্রশাসক বা নিজ নিজ ইউএনও কার্যালয়ে জমা নেওয়া হচ্ছে বলে কমিশন প্রধান জানান। তিন পার্বত্য জেলায় প্রাপ্ত প্রায় ১০০টি দরখাস্তের মধ্যে বান্দরবানের রয়েছে ২৯টি। আরো দরখাস্ত জমা হলে কমিশন বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে খাদেমুল ইসলাম জানান। তবে বৈঠক কবে হবে তা তিনি জানাননি। কমিশন পার্বত্য অঞ্চলে বিরাজমান ভূমি বিরোধ নিষ্পত্তিতে আন্তরিকতা নিয়ে কাজ করছে জানিয়ে এ ব্যাপারে সফল হওয়ার জন্য তিনি কমিশনের সব সদস্যের সার্বিক সহযোগিতার ওপর জোর দেন। খাদেমুল ইসলাম সাংবাদিকদের আরো বলেন, কমিশনের পরবর্তী বৈঠকে যোগ দিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও রাঙ্গামাটি চাকমা সার্কেল প্রধান দেবাশীষ রায়কে আমন্ত্রণ জানানো হবে। বর্তমান প্রচলিত রীতিতে কোনো জেলায় কমিশনের বৈঠক হলে সে জেলা সংশ্লিষ্ট সদস্যরাই উপস্থিত থাকেন। তাই বন্দরবানের বৈঠকে সন্তু লারমা ও দেবাশীষ রায়কে আমন্ত্রণ জানানো হয়নি। কমিশনে একজন চেয়ারম্যান ছাড়াও ১১ সদস্য হলেন- চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (বা তার প্রতিনিধি), তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, তিন জেলা প্রশাসক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান (বা তার প্রতিনিধি) এবং বান্দরবানের বোমাং সার্কেল প্রধান, রাঙ্গামাটির চাকমা সার্কেল প্রধান ও খাগড়াছড়ি মং সার্কেল প্রধান। বিচারপ্রতি খাদেমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্ব সকাল ১১টা থেকে এক ঘণ্টার এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সচিব আবদুল হামিদ, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল আবছার, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নিহাররঞ্জন হাওলাদার ও বান্দরবান বোমাং সার্কেল প্রধানের প্রতিনিধি চহ্লাপ্র" জিমি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩১৩ ঘ.