গাজীপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিনির্বাপন সংক্রন্ত শর্ত না মানার অভিযোগে মঙ্গলবার গাজীপুর সদর উপজেলায় আবাসিক ভবনসহ কয়েকটি কারখানায় জরিমানা করছে দমকল বাহিনীর ভ্রাম্যমাণ আদালত ।
উপজেলার কাশিমপুর ও কোণাবাড়ি এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযানে সাতটি তৈরি পোশাক কারখানা ও একটি বহুতল আবাসিক ভবন থেকে ছয়লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দমকল বাহিনীর লাইসেন্স ও প্রয়োজনীয় অগ্নিনির্বাপন সরঞ্জাম না থাকায় কোনাবাড়ি এলাকার বিসমিল্লাহ নিট ফেব্রিক্সকে এক লাখ, আশরাফ নিটিং ফেব্রিক্সকে ৭৫ হাজার, সাগর প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজকে একলাখ, কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মা নিটিং ফেব্রিক্সকে এক লাখ এবং জিজাম সোয়েটার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
এছাড়া লাইসেন্স নবায়ন না করায় কোনাবড়ি এলাকার নিডল ওয়েব নিট ওয়্যার লিমিটেডকে এক লাখ এবং বিএসএস ফ্যাশন এন্ড ডিজাইন ওয়্যার হাউজকে একলাখ টাকা জরিমানা করা হয়।
দমকল কর্মকর্তা আরো বলেন, দমকল বাহিনীর শর্ত না মেনে বহুতল ভবন নির্মাণের অভিযোগে জেলা শহরের হাক্কানী সোসাইটি এলাকায় ওএ টাওয়ারের মালিক আইয়ুবুর রহমানকে করা হয় ২০ হাজার টাকা জরিমানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১০০ ঘ.
bdnews24