শেরপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার ঝিনাইগাতী উপজেলায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক বখাটে।
মঙ্গলবার সকালে পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার সময় আবুল কালাম (২২) নামের এই বখাটের হামলার শিকার হয় নাসিমা বেগম (১৪)।
আহত নাসিমাকে আশংকাজনক অবস্থায় প্রথমে শেরপুর সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় কালামের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নাসিমা উপজেলার চেঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি চিঙ্গুরিয়া গ্রামে।
তার বাবা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছুদিন ধরে নাসিমাকে পাশের ডাকুরপাড়া গ্রামের রিকশাচালক কালাম প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। নাসিমা ঘটনাটি জানানোর তিনি কালামকে উত্ত্যক্ত না করার জন্য বলে আসেন।
আজ (মঙ্গলবার) সকালে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যাওয়ার সময় কালাম তার সহযোগীদের নিয়ে নাসিমার পথ আটকায়। এক পর্যায়ে কালাম ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্নস্থানে আঘাত করে।
ঝিনাইগাতী থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় কালামসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন নজরুল।
ঘটনার পর পুলিশ আল আমিন ওরফে রাজু (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে। রাজুর বাড়ি শ্রীবর্দী উপজেলার শৈলারপাড় গ্রামে।
বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯২৬ ঘ.
bdnews24