রংপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় এবং যান্ত্রিক সমস্যার কারণে রংপুরের একটি হিমাগারে প্রায় ৯০ হাজার বস্তা আলু পচে গেছে।
মঙ্গলবার সকালে ক্ষতিপূরণ ও হিমাগার মালিককে গ্রেপ্তারের দাবিতে পচে যাওয়া আলুর বস্তা রংপুর-দিনাজপুর মহাসড়কে ফেলে বিক্ষোভ করেছে আলুচাষীরা।
বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন।
খবর পেয়ে রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাইন বিল্লাহ, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. জাহাঙ্গীরসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
তারা হিমাগারে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস দিলে আলুচাষীরা অবরোধ তুলে নেয়।
এএসপি মো. জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, হিমাগার মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এত অব্যবস্থাপনা থাকা সত্বেও কারা কীভাবে হিমাগারে আলু রাখার অনুমতি দিলো তা খতিয়ে দেখা উচিত।
ক্ষতিগ্রস্ত আলুচাষীরা জানান, রংপুর শহরতলীর মন্থনা এলাকার মওলানা বশির উদ্দিন হিমাগার কর্তৃপক্ষ বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না করেই চাষী ও ব্যবসায়ীদের কাছ থেকে আলু রাখা শুরু করে। বস্তাপ্রতি এক থেকে দেড়শ টাকা করে আগামও নেয় হিমাগার কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রায় ৯০ হাজার বস্তা আলু সংরক্ষণ করা হয় এই হিমাগারে।
চাষীরা অভিযোগ করেন, হিমাগারে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা তো ছিলই না, তার ওপর যান্ত্রিক সমস্যা ছিল। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি গোপন করেছে।
তারা আরো অভিযোগ করেন, আলুতে পচন ধরলে কর্তৃপক্ষ বিষয়টি তাদের না জানিয়ে গোপনে কয়েক হাজার বস্তা আলু বিক্রি করে দেয়।
এক পর্যায়ে আলু পচার বিষয়টি জানতে পেরে চাষীরা হিমাগারের মালিক মওলানা বশির উদ্দিন ও তার ছেলে আবুল বাশারের সঙ্গে যোগাযোগ করেন। তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেননি।
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার রণচণ্ডী গ্রামের আলুচাষী রনেশ চন্দ্র অভিযোগ করেন, তিনি দেড়শ' বস্তা বীজআলু রেখেছিলেন। এ জন্য বস্তাপ্রতি একশ টাকা আগামও দিয়েছিলেন। তার সব আলু পচে নষ্ট হয়ে গেছে।
রংপুর শহরতলীর মন্থনা এলাকার মোফাজ্জল হোসেন জানান, তার ছিল ৫৭ বস্তা। সবই পচে গেছে।
রংপুর শহরের মাহীগঞ্জ সাতমাথা এলাকার আলুচাষী ও ব্যবসায়ী মোকতার হোসেন বার বার মুর্ছা যাচ্ছিলেন।
তিনি জানান, নিজের দেড় হাজার বস্তাসহ তার মাধ্যমে রাখা হয়েছিল প্রায় ছয় হাজার বস্তা আলু। সবই পচে গেছে ।
মোকতার অভিযোগ করেন, হিমাগারের মালিক বশির ও তার ছেলে বাশার গোপনে হিমাগার থেকে আলু বের করে বিক্রি করে দিয়েছেন।
হিমাগারের মালিক বশির, তার ছেলে বাশার ও হিমাগারের ব্যবস্থাপকসহ কাউকে পাওয়া যায়নি। কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়।
তাদের সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।
ইউএনও মোস্তাইন বিল্লাহ জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হিমাগার মালিক সমিতির নেতা রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু সাংবাদিকদের কাছে দাবি করেন, মওলানা বশিরের হিমাগারে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা ছিল না। তাছাড়া হিমাগারে যান্ত্রিক সমস্যাও ছিল।
সে কারণে ওই হিমাগারে আলু সংরক্ষণের অনুমিত না দিতে জেলা প্রশাসনকে জানানো হয়েছিল।
রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় সে জন্য জেলা প্রশাসন পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৩ ঘ.
bdnews24