নারায়ণগঞ্জ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের কাচপুরে আবারো পোশাক শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল চার ঘণ্টা বন্ধ ছিলো।
ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা, হাজিরা বোনাস ও বেতন-বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সিনহা গ্র"পের ওপেক্স গার্মেন্টসের শ্রমিকরা মঙ্গলবার সকাল ৯টার দিকে সড়কে অবস্থান নেয়।
শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং ৮/১০টি যানবাহন ভাঙচুর করে বলে জানিয়েছে পুলিশ।
আগেরদিন সকালে কাচপুরের নয়ামাটি এলাকার এসএফ গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
মঙ্গলবার সকারে বিক্ষোভের খবর পেয়ে ওপেক্স গার্মেন্টসের মালিক আনিসুর রহমান সিনহা ঘটনাস্থলে ছুটে যান।
তিনি শ্রমিকদের দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দিলে দুপুর ১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে নারায়ণগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) বিশ্বাস আফজাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
এসময় জেলা প্রশাসক মো. সামছুর রহমান, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেনসহ সিনহা গ্র"পের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দেশের ব্যস্ততম ওই মহাসড়ক চার ঘণ্টা বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানায়।
সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী বলেন, "অবরোধের কারণে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকার যাত্রাবাড়ী থেকে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত ও ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ থানার তারাবো পর্যন্ত
অসহনীয় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে।"
এসপি বিশ্বাস আফজাল হোসেন জানান, মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। বার বার কেন মহাসড়কে অবরোধের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে।
গত ১০ এপ্রিল কাচপুর শিল্পনগরীতে সিনহা গ্র"পের ওপেক্স গার্মেন্টসের শ্রমিকরা দুই দফা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর এবং কাচপুর পুলিশ ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগ করে।
এতে সংঘর্ষে একজন নিহত ও ১০জন আহত হয়। এ ঘটনায় পুলিশ ১৬ জন শ্রমিককে গ্রেপ্তার করে।
পুলিশ বাদি হয়ে ১৬ শ্রমিকসহ অজ্ঞাত আরো ২/৩ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমইউএস/এমএসবি/১৭১৭ ঘ.
bdnews24