২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ-পুলিশের গুলি, আখাউড়ায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 06:44 AM

Updated : 24 Aug 2022, 08:55 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে একদল লোক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালালে পুলিশ গুলি চালায় বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গনি। তখনই গুলিবিদ্ধ হয়ে মারা যায় আবু সালেক (৩০) নামে ওই ব্যক্তি। সংঘর্ষে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। দুই দল গ্রামবাসীর কোন্দলের জের ধরে রাত ২টার দিকে স্বাস্থ্য কেন্দ্রে ওই হামলা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। হামলাকারীরা গুলি ছুড়লে পুলিশ পাল্টা ১১ রাউন্ড পিস্তলের গুলি এবং ৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান। নিহত সালেকের বাড়ি বাউতলা গ্রামে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। আহত পুলিশ সদস্য আখাউড়া থানার সহকারী উপপরিদর্শক সফিকুল ইসলাম (৩৩) এর হাতে গুলি লেগেছে। এছাড়াও সংঘর্ষের সময় গুলিবিদ্ধ কাইয়ুম মিয়া (২৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আহত নুরুল ইসলাম (৫৩) ও আবুল বাসার (৪৮) নামে দুজনকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বাউতলা গ্রামের বিবদমান দুটি পক্ষের মধ্যে সোমবার সংঘর্ষ হয়। এরপর আহত কয়েকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হলে রাতে সেখানে হামলা চালায় একটি পক্ষ। পুলিশ কর্মকর্তা গনি সাংবাদিকদের বলেন, "তারা (হামলাকারী) প্রতিপক্ষের আহত রোগীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ গেলে তারা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।" পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য কেন্দ্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১২৩০ ঘ.