২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে চুরি হওয়া স্বর্ণের মধ্যে ২শ' ভরি উদ্ধার

মিরপুরে মুক্তিযোদ্ধা মার্কেটের জুয়েলারী দোকান থেকে চুরি হওয়া ৭৮২ ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে ২০০ ভরি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 06:17 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুরে মুক্তিযোদ্ধা মার্কেটের জুয়েলারী দোকান থেকে চুরি হওয়া ৭৮২ ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে ২০০ ভরি উদ্ধার করেছে পুলিশ। শাহ আলী থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সকালে যাত্রাবাড়ীর মোড়ে ব্যাগ হাতে এক ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় টহল পুলিশ তাকে থামতে বলে। তখন সে ব্যাগ ফেলে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ওই ব্যাগের মধ্যে প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। বেশ কয়েকটিতে দেওয়ান জুয়েলার্সের স্টিকার লাগানো ছিল।" শনিবার রাতে মিরপুর-১ এর মুক্তিযোদ্ধা মার্কেটের নিচতলার দেওয়ান জুয়েলারীতে ৭৮২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা চুরি হয়। পাশের দোকানের শাটারের তালা ভেঙ্গে দুই দোকানের মাঝের দেয়াল ফুটো করে চোররা দোকানে ঢুকে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তবে ওই চুরির ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওসি আরো বলেন, "চুরির পর চোররা যাত্রাবাড়ীর গোল্ডেন ইন নামের একটি হোটেলে রাত্রি যাপন করে বলে আমরা জানতে পেরেছি। সেখানে ভাগ-বাটোয়ারা শেষে সকালে তারা অন্যত্র যাবার সময় এ ঘটনা ঘটে থাকতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৫৫ ঘ.