২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক ঘোষণায় থাকছে না 'কার্বন নিঃসরণ'

সার্ক ঘোষণায় সংশ্লিষ্ট দেশগুলোর কার্বণ নিঃসরণ কমানোর আইনি কোন কাঠামো সংযোজনের চেষ্টায় সোমবার ব্যর্থ হয়েছেন আট দেশের পররাষ্ট্র সচিবরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 05:36 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

থিম্পু, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক ঘোষণায় সংশ্লিষ্ট দেশগুলোর কার্বণ নিঃসরণ কমানোর আইনি কোন কাঠামো সংযোজনের চেষ্টায় সোমবার ব্যর্থ হয়েছেন আট দেশের পররাষ্ট্র সচিবরা। ঘোষণা তৈরিতে জড়িত কর্মকর্তারা এজন্য ভারতকে দায়ী করেছেন। ভারত ছাড়া বাকি সাত দেশ ঘোষণায় কার্বন নিঃসরণ কমানোর আইনি কাঠামোর পক্ষে বলে ধারণা করা হচ্ছে। তবে সার্ক সনদ অনুযায়ী যে কোন সিদ্ধান্তই সর্বসম্মতভাবে আসতে হবে। এর আগে স্বেচ্ছায় কার্বন নিঃসরণ কমাবে বলে বলেছিলো ভারত। সার্ক স্ট্যান্ডিং কমিটির দুই দিনের বৈঠকের শেষদিনে সচিবরা আট দেশের স্বার্থে জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি খসড়া তৈরি করেন বলে জানান ভুটানের পররাষ্ট্র সচিব দাও পেনজো। মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ১৬তম জলবায়ু সম্মেলনের কথা উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে পেনজো বলেন, "ডেনমার্কের কোপ ১৬ সমঝোতার প্রেক্ষিতে এটা বলতে পারি যে আইনি কাঠামো বিষয়ে কাজ এগুচ্ছে।" বিষয়টি মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে উপস্থাপন করা হবে। সচিবদের বৈঠকে জলবায়ু পরিবর্তন বিষয়ে সার্কের একটি সাধারণ অবস্থানের প্রস্তাব দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেআর/ডিবি/পিডি/২৩৩৪ ঘ.