পাবনা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনায় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ১৯ ছাত্রকে গ্রেপ্তার করেছে।
ভর্তি ফি কমানোর দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিইউএসটি) ছাত্ররা সোমবার দুপুর ১২টার দিকে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
ছাত্ররা সেখান থেকে ক্যাম্পাসে ফিরে ভাংচুর শুরু করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় বলে পুলিশ জানায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ভর্তি ফি থেকে ছাত্র সংসদ ও গ্রন্থাগার ফি বাদ দেওয়ার দাবিতে রোববার থেকে আন্দোলনে নামে ছাত্ররা।
দাবি আদায়ে ছাত্ররা ওইদিনও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোজাফ্ফর হোসেন ও প্রক্টর কামারুজ্জামানসহ ৬ সদস্যের একটি কমিটি সোমবার সকালে দিকে ছাত্রদের সঙ্গে বৈঠকে বসে।
কিন্তু বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।
সদর থানার ওসি মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে ছাত্ররা নগরবাড়ী-পাবনা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ অবরোধ তুলে নিতে ছাত্রদের অনুরোধ জানায়।
এরপর ছাত্ররা কাম্পাসে ভাংচুর শুরু করে। পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
ওসি জানান, প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে আব্দুল মতিন (২১), কাজী আলভি (২২), শাহিন (২১), আবুল বাশার (২২), শাহরিয়ার (২১), সানোয়ার হোসেন (২৩), আমজাদ হোসেন (২১) ও রশিদকে (২২) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মতিয়ার রহমান ও এসআই মজিবর রহমানকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সংঘর্ষের সময় গ্রেপ্তার করা ছাত্ররা হলেন- এখলাছ, কোয়াফা, রুবেল, নাবিউল, রুহুল, মিয়াজুল, রেজাউল করিম, শামিম, আরিফ, আলিম, রাজু, রাকিব, মাহমুদুল, আজমল, আনোয়ার, ইমরান, আব্দুর রহমান, সবুজ ও ফাহিম।
পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি সম্পদ ভাংচুর ও নষ্ট করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হবে।
ছাত্রদের অভিযোগ, ছাত্র সংসদ ও গ্রন্থাগার না থাকলেও ভর্তির সময় বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ফি আদায় করা হচ্ছে।
উপাচার্য ড. মোজাফ্ফর হোসেন বলেন, অধিগ্রহণের কাজ শেষ হলেই ছাত্র সংসদ ও গ্রন্থাগার ভবন নির্মাণ কাজ শুরু হবে।
তিনি জানান, ছাত্রদের দাবির বিষয়টি প্রশাসন বিবেচনা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৩৭ ঘ.
bdnews24