ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল থেকে গ্রেপ্তার তালিকাভুক্ত সন্ত্রাসী জাকির হোসেন রূপককে জিজ্ঞাসাবাদে তিনদিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ।
শনিবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম সৈয়দা মিনহাজ উম মুনীরা একটি অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদে তাকে হেফাজতে নেওয়ার এ অনুমতি দেন।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আজহারুল ইসলাম এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতের আবেদন করেন।
আবেদনে বলা হয়, ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) জাকিরকে শুক্রবার ভারতের সীমান্ত থেকে ফেরত পাঠিয়ে দেয়। সরকারঘোষিত শীর্ষ সন্ত্রসীর তালিকার পাঁচ নম্বরে তার নাম রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবজিসহ মোট ১০টি মামলা রয়েছে।
তার তথ্য অনুযায়ী মালিবাগ থেকে পলিথিনে মোড়ানো একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয় আবেদনে। অস্ত্রটির মালিক জাকির নিজেই।
আবেদনে বলা হয়, তার অন্য সহযোগীদের নাম ঠিকানা সনাক্ত করতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
এসময় তার পক্ষে আদালতে হেফাজত আবেদন বাতিল করে জামিন চাওয়া হলে তা নাকচ করেন বিচারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২৩২৩ ঘ.
bdnews24