২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব নয়'

দেশের প্রাকৃতিক গ্যাসের সীমাবদ্ধতার কারণে তড়িঘড়ি করে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 04:46 PM

Updated : 24 Aug 2022, 08:46 PM

চাঁদপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রাকৃতিক গ্যাসের সীমাবদ্ধতার কারণে তড়িঘড়ি করে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। শনিবার চাঁদপুর শহরে একটি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থান পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরের পাওয়ার হাউস বালুর মাঠ এলাকায় ১৫০ মেগাওয়াটের প্রাকৃতিক গ্যাস নির্ভর এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই বিদ্যুৎ কেন্দ্রে কুমিল্লা ও সিলেট থেকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ কথা হবে বলে এনামুল হক জানান। প্রতিমন্ত্রী আরো বলেন, "দেশের ৮৬ ভাগ গ্যাসই বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে। দিন দিন গ্যাসের স্তর নিচে নেমে যাওয়ায় এর পরিমাণও কমছে।" ভারত থেকে বিদ্যুৎ আমদানি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "চাহিদা বাড়ার কারণে বিদ্যুৎ আনতে হবে। কারণ, দেশে গ্যাসের সীমাবদ্ধতার কারণে শুধু গ্যাস দিয়েই বিদ্যুৎ উৎপাদন করে চাহিদা মেটানো সম্ভব নয়।" ২০১৩ সালের মধ্যে বিদ্যুৎ সঙ্কট লাঘবের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এসএমএম আলমগীর কবির, জেলা প্রশাসক প্রিয়তোষ সাহাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৩৮ ঘ.