নয়াদিল্লি, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশসহ দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কয়েকটি সদস্য দেশ আসন্ন শীর্ষ সম্মেলনে নিজেদের মধ্যে ভিসামুক্ত চলাচল আরো বাড়ানোর ব্যাপারে আলোচনা করতে আগ্রহী।
আগামী ২৮ ও ২৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে ১৬ তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান শীতল সম্পর্ক এই সম্মেলনে ছায়া ফেলতে পারে। তা সত্ত্বেও বাংলাদেশ, নেপাল এবং আরও কয়েকটি সার্ক সদস্য দেশ সার্ক অঞ্চলে ভিসামুক্ত চলাচল সুবিধা সম্প্রসারনের ব্যাপারে আগ্রহী।
১৯৯২ সালে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিনা ভিসায় যাতায়াতের সুবিধা চালু হয়। তবে ভারত ও পাকিস্তান নিজেদের নিরাপত্তার কারণ দেখিয়ে এই নিয়মের বাইরে রয়েছে।
সার্ক অঞ্চলে ভিসামুক্ত চলাচলের ব্যাপারে খসড়া প্রস্তাব যৌথভাবে তৈরি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সার্ক সিসিআই)।
বর্তমানে কেবল সার্ক দেশগুলোর জাতীয় বাণিজ্য সংস্থার প্রধানরা বিনা ভিসায় অন্য সার্ক দেশ ভ্রমনের সুবিধা পান। এসব সংস্থার প্রধানরা ছাড়াও অন্য ব্যবসায়ীদের জন্য এই সুবিধা দেয়ার প্রস্তাব করেছে এডিবি ও সার্ক সিসিআই।
সংস্থা দুটি এ ধরনের বিশেষ নিয়মের আবেদন প্রক্রিয়া আরো দ্রুত করার জন্য সরকারি বানিজ্য সংস্থা ও ব্যবসায়ী সমিতিগুলোর পক্ষ থেকে বেসরকারি প্রতিষ্ঠানকে সনদ দেওয়ার সুপারিশ করেছে। এছাড়া ভিসাবিহীন যাতায়াতের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের সংখ্যা প্রত্যেক সার্ক দেশে বছরে ১০০ থেকে কমপক্ষে ২০০ জনে উন্নীত করার জন্যও সুপারিশ করা হয়েছে।
উন্মুক্ত যাতায়াতের মেয়াদ বাড়ালে ভবিষ্যতে তা দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে সহায়ক হবে বলে মতামত দিয়েছে এই দুই সংস্থা।
এই নিয়ম আরো নমনীয় করার জন্য তিনটি পদক্ষেপ নেওয়ার সুপারিশও করা হয়েছে। এগুলো হলো- অন্য দেশে অবস্থানের অনুমতি এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা, প্রাপ্তির দিন থেকে ভিসামুক্ত যাতায়াতের অনুমতির মেয়াদ তিন বছর পর্যন্ত করা এবং নির্দিষ্ট কয়েকটি শহরের বাইরে অন্যান্য শহরে যাতায়াতের অনুমতি দান।
আন্ত:সীমান্ত নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এই সুবিধাভোগীদের জন্য স্টিকারের বদলে বার কোড বা নিরাপত্তা চিপস সমৃদ্ধ পুর্ণাঙ্গ কার্ড সরবরাহ করার সুপারিশ করা হয়েছে।
ভারত ও পাকিস্তান উভয় দেশই নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে ভিসামুক্ত চলাচল সুবিধা বাড়ানোর ব্যাপারে আগ্রহী নয়।
তবে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য সম্প্রসারণে বেসরকারি খাতকে আরও সম্পৃক্ত করতে ব্যবসায়ীদের যাতায়াত সহজ করার প্রয়োজনীতা জরুরি বলে অন্যান্য সার্ক দেশ তাদের রাজি করানোর চেষ্টা করছে।
১৯৮৫ সালে সার্ক গঠনের পর ৮০-এর দশকে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্যের হার ছিলো ৩ দশমিক ২। ২০০৯ সালে তা ৫ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়।
২০০৪ সালে দক্ষিণ এশিয় অবাধ বাণিজ্য এলাকা (সাফটা) চুক্তি স্বাক্ষরিত হলেও এখনো দেশগুলোর মধ্যে বানিজ্য বেশ কম।
গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সদস্য দেশগুলোর অভিবাসন কর্তৃপক্ষের মধ্যে বৈঠকে ভিসামুক্ত চলাচল সুবিধা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিলো। তবে নেপালের অনুরোধে দুটি বৈঠকই স্থগিত হয়ে যায়।
ভারতের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বলেন, "ভিসামুক্ত যাতায়াত সুবিধা আরো বাড়ানোর বিষয়টি থিম্পু শীর্ষ সম্মেলনে জোটের অন্য সদস্য দেশগুলো উত্থাপন করতে পারে।" তিনি বলেন, "অভিবাসন কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ ব্যাপারে আলোচনা করাটাই শ্রেয় বলে তবে আমরা মনে করি।"
নয়াদিল্লির কিছু কূটনৈতিক সূত্র মতে, ভারত ও পাকিস্তান উভয়ই আগে এ প্রস্তাবের সঙ্গে নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো সাবধানতার সঙ্গে পর্যালোচনা করে দেখতে চায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৮৩৫ঘ.
bdnews24