কিশোরগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে আরো দুটি ফসলরক্ষা বাঁধ ভেঙে গেছে। হুমকির মুখে রয়েছে আরো অন্তত ১০টি।
এ নিয়ে গত ১৫ দিনে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার হাওরাঞ্চলের অন্তত ২০টি বাঁধ ভেঙে গেছে। স্থানীয়দের তৈরি এ সব বাঁধ ভেঙে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির বোরো ফসল।
উজান থেকে নামা পাহাড়ি ঢলে ধনু নদীর পানি বেড়ে বৃহস্পতিবার করিমগঞ্জ উপজেলার শংগাইল ও খাকশ্রী বাঁধ দুটি ভেঙে যায়। এতে নতুন করে প্রায় তিনশ' হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কিশোরগঞ্জ প্রতিনিধি।
মঙ্গলবার উপজেলার সুতার পাড়া এলাকায় প্রয়াগ বিলের বাঁধ ভেঙে তলিয়ে যায় অন্তত এক হাজার হেক্টর জমির বোরো ফসল।
গত দুই সপ্তাহে এই উপজেলায় সাতটি বাঁধ ভেঙে পাঁচ হাজার হেক্টর জমির বোরো ধানের পাশাপাশি দুশ' হেক্টর জমির বাদাম এবং একশ' হেক্টর জমির মিষ্টি আলু তলিয়ে গেছে।
বাধ্য হয়ে কৃষকরা আধাপাকা ধানসহ অন্য ফসল কেটে নিয়ে যাচ্ছেন।
ভেঙে যাওয়া বাঁধ এলাকার দেহুন্দা গ্রামের কৃষক মঞ্জিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁধ ভেঙে যাওয়ার তার সব ধান তলিয়ে গেছে। সে কারণে আধাপাকা ধানই কেটে নিতে হচ্ছে।
চর নোয়াগাও গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, পাহাড়ি ঢলে তাদের কাঁচাপাকা ধান তলিয়ে গেছে।
হতাশ এ কৃষক বলেন, পরিবার পরিজন নিয়ে কিভাবে সামনের দিনগুলো পার করবেন এ নিয়ে তিনি দিশেহারা।
তিনি বলেন, প্রায় এক লাখ টাকা ঋণ করে জমি আবাদ করেছেন। এক ফসলি এসব জমিতে তিনি অন্তত এক হাজার মণ ধান পেতেন। পানিতে জমি তলিয়ে যাওয়ায় তার সব শেষ হয়ে গেছে। তিনি এখন ঋণ পরিশোধ নিয়ে চিন্তিত।
সুতার পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁধ ভেঙে যাওয়ায় তার মাছের খামার ভেসে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এপ্রিলের প্রথম থেকে এ পর্যন্ত পাহাড়ি ঢলে ইটনা, নিকলী, মিটামইন, করিমগঞ্জ ও অষ্টগ্রামে ২০টি বাঁধ ভেঙ্গে প্রায় ১৫ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে। হাওরে স্থানীয়রা ফসল রক্ষায় নিজেদের উদ্যোগে এসব বাঁধ তৈরি করেছে।
করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জনাব আলী বলেন, উপজেলার আরো অন্তত ১০টি বাঁধ হুমকির মুখে আছে।
হুমকির মুখে থাকা রওজানি বাঁধ রক্ষা কাজের তত্তাবধায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চাঁন মিয়া বলেন, এই বাধ ভেঙ্গে গেলে ছয়টি ইউনিয়নের ৪০ হাজার একর জমির বোরো ফসল তলিয়ে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান দাবি করেছেন, হাওরের দুশ' হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, হাওর এলাকায় তাদের কোনো বাঁধ প্রকল্প নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২২৫ ঘ.
bdnews24