চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও থানার সানোয়ারা গ্রুপের একটি কারখানায় সন্ত্রাসী হামলায় নিরাপত্তাকর্মীসহ তিনজন আহত হয়েছে।
আহতরা হলেন- কারখানার নিরাপত্তাকর্মী অছিকুর রহমান (৩৫), কর্মচারী মো. জাকির (২৪) ও ম্যাছি মারমা (২২)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চান্দগাঁও সিএন্ডবি এলাকায় সানোয়ারা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দুধ ও আইসক্রিম উৎপাদন কারখানায় এ হামলা চালানো হয়।
পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সানোয়ারা গ্রুপের কারখানায় একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে ওই প্রতিষ্ঠানের তিনজন কর্মচারী আহত হয়।"
বর্তমানে পরিস্থিতি শান্ত জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে স্থানীয় ভূমিদস্যু মো. তাছকীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই হামলা চালায়। এসময় ভেতরে প্রতিষ্ঠানটির বার্ষিক ভোজ চলছিলো।
সানোয়ারা গ্রুপের পরিচালক (সার্বিক) মুজিবুর রহমান দাবি করেন, প্রতিষ্ঠানের জায়গা দখলে বার্ষিক ভোজ অনুষ্ঠানে তাছকীরের নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী লাঠিসোটা-রড নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১১৮ ঘ.
bdnews24