সিলেট, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের বিয়ানীবাজারে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার চারখাই ইউনিয়নের জিরখাই গ্রামে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে মারা যায় ইমরান আহমদ (১৪)। সে কাকুরা জামসেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নিতে সাড়ে ৯টার দিকে সে স্কুলে যাচ্ছিল।
বিয়ানী বাজার থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলী জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় অপমুত্যুর মামলা হয়েছে।
একই উপজেলার ভাংনি গ্রামের একটি ডোবার পানিতে ডুবে মারা গেছে দেড় বছরের একটি শিশু।
নিহত শিশুর নাম- আলেয়া বেগম। সে গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
দুপুরের দিকে সে ঘর থেকে বেরিয়ে যায়। ১২ টার দিকে ডোবা থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯২৩ ঘ.
bdnews24