ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুস্থ হয়ে উঠেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
শুক্রবার এরশাদ বারিধারার বাসায় ফিরবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ।
এরশাদ গত রোববার থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন।
বৃহস্পতিাবর দুপুর দেড়টায় হাসপাতাল থেকে বেরিয়ে কাজী ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''স্যার সুস্থ হয়ে উঠেছেন। তিনি কাল (শুক্রবার) বাসা ফিরে যাবেন। খাবারও খেয়েছেন আমাদের সামনেই। ''
তিনি জানান, দর্শনার্থীর ভিড় এড়াতে তাকে আইসিইউতেই রাখা হয়েছে। আরোগ্য লাভের জন্য তিনি দেশবাসীর কাছে কতৃজ্ঞতা প্রকাশ করেছেন।
কাজী ফিরোজ বলেন, "স্যার (এরশাদ) মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ আমাদেরকে ১ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ আয়োজন করার নির্দেশনা দিয়েছেন। ওই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।"
নিু রক্তচাপ ও পাইলস রোগে আক্রান্ত হয়ে এরশাদ গত রোববার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এর দুই দিন আগে তিনি সিঙ্গাপুরের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফেরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এজে/১৪১২ ঘ.
bdnews24