২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে 'অপারেশন গ্রিনহান্ট' বন্ধের দাবি

মাওবাদী 'দমনের' নামে ভারতের কয়েকটি রাজ্যে আদিবাসী অধ্যুষিত এলাকায় সরকারের 'অপারেশন গ্রিনহান্ট'এর নিন্দা জানিয়েছে বাংলাদেশের ১১টি রাজনৈতিক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 05:57 PM

Updated : 24 Aug 2022, 08:40 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওবাদী 'দমনের' নামে ভারতের কয়েকটি রাজ্যে আদিবাসী অধ্যুষিত এলাকায় সরকারের 'অপারেশন গ্রিনহান্ট'এর নিন্দা জানিয়েছে বাংলাদেশের ১১টি রাজনৈতিক দল। বুধবার জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানানো হয়। ভারত সরকারের হিসাব মতে তাদের 'অপারেশন গ্রিনহান্ট' নামের এই আধা সামরিক ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িষ্যা ও পশ্চিমবঙ্গের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে এ পর্যন্ত ১০৭ জন 'নকসালীকে' হত্যা করা হয়। এছাড়া গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে দশ হাজারেরও বেশি গ্রামবাসী উদ্বাস্তু হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে 'জনমতের তোয়াক্কা না করে নিজ দেশের জনগণের বিরুদ্ধে ভারত সরকারের আগ্রাসী ও রক্তাক্ত যুদ্ধ পরিকল্পনা ও পরিচলনার' তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন- জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী জোটের সমন্বয়ক ফয়জুল হাকিম লালা, নয়া গণতান্ত্রিক গণমোর্চার আহ্বায়ক শিবলী কাইয়ুম, জাতীয় বিপ্লবী ফ্রন্টের আহ্বায়ক শামসুল হক সায়েম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান এবং ইউনাইটেড পিপলস ডেমক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মিঠুন চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/২৩৫৩ ঘ.