ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রধানমন্ত্রীকে এরশাদের সর্বশেষ অবস্থা জানাতে রাতে গণভবনে যান দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। এর আগে বিকালে প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এরশাদকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান।
বুধবার রাত সাড়ে ৮টায় চিকিৎসকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরশাদের অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন বিশ্রাম নিচ্ছেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ অসুস্থতা নিয়ে রোববার গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তাকে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
বুধবার দিনের বেলা জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার শারীরিক অবস্থার আরো উন্নতি হলে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে।
তিনি বলেন, "স্যারের অবস্থা কিছুটা উন্নতির দিকে। শারীরিক সুস্থতা আরো নিশ্চিত হলে তাকে সিঙ্গাপুরে কুইন্স এলিজাবেথ হাসপাতালে পাঠানো হবে।"
তিনি জানান, এরশাদ তরল খাবার খাচ্ছেন। স্যালাইনও দেওয়া হয়েছে।
এরশাদ পাইলস রোগে আক্রান্ত। এছাড়া তার নিু রক্তচাপও রয়েছে।
কয়েকদিন আগেও এরশাদ হাসপাতালে ভর্তি হন। তখন দলীয় নেতারা বলেছিলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরেও যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এজে/পিডি/২১২৭ ঘ.
bdnews24