ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ উপ নির্বাচনে কারচুপি রোধে অন্তত ৩৬ জন 'নীরব পর্যবেক্ষক' নিয়োগ করবে নির্বাচন কমিশন (ইসি)।
এ পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে-বাইরের যে কোন অপতৎপরতার খবর তাৎক্ষণিকভাবে ইসি ও রিটানিং কর্মকর্তাকে জানাবেন। এ খবরের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে ইসি।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
ভোলা-৩ আসনে উপ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৬।
সিইসি এটিএম শামসুল হুদাসহ তিন নির্বাচন কমিশনার নির্বাচনী এলাকা তজুমদ্দিন-লালমোহন পরিদর্শন করলেও ২৪ এপ্রিল নির্বাচনের দিন কোন নির্বাচন কমিশনার সেখানে থাকবেন না।
"নির্বাচন পরিস্থিতি ইসি সার্বক্ষণিক তদারকি করবে," জানান ছহুল। তিনি বলেন, "ইসি সচিবালয়ের ৩৬ থেকে ৪০ জন নিজস্ব কর্মকর্তা ভোটের দিন সবগুলো ভোটকেন্দ্র ও এলাকায় 'নীরব পর্যবেক্ষক' হিসেবে কাজ করবেন। তারা কারচুপি-কারসাজি বা যে কোন ধরনের অপতৎপরতা দেখলেই সরাসরি ইসি ও রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করবেন।"
ছহুল জানান, পর্যবেক্ষকরা প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকেও অনুরোধ করবেন।
তিনি জানান, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের আগে-পরে গোলযোগ-সহিংসতা প্রতিরোধে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানান তিনি। এছাড়া পরিস্থিতি ধারণে ভিডিও ক্যামেরাও রয়েছে।
৮৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই ২৪-৩০ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য নিয়োজিত থাকবে বলে জানান ছহুল হোসাইন।
বিরোধী দলের সেনা মোতায়েনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, "সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়ও সেনাবাহিনীর কথা নেই। র্যাব-পুলিশ-এপিবিএন-আনসার-ভিডিপি-কোস্টগার্ডসহ আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য ভোলায় নিয়োজিত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের সব পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে সেনা মোতায়েনের দাবি আর দরকার নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮১৫ ঘ.
bdnews24