মৌলভীবাজার, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার মধ্যরাতে বয়ে যাওয়া ওই ঝড়ে সদর উপঝেলায় ৬টি ইউনিয়নের সহস্রাধিক কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় রাত থেকে ওই ইউনিয়নগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ঝড়ে ঘরচাপা পড়ে নিহত হন মনোমুখ ইউনিয়নের করিমপুর গ্রামের আমির উদ্দীন (৩৫), আমতৈল ইউনিয়নের আটাশহাল গ্রামের আফাজ উদ্দীনের স্ত্রী জোছনা বেগম (৩৫) ও তার ছেলে রুবেল মিয়া (৯)। আফাজ উদ্দিনের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানায়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা তানজিয়া মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকায যান।
সেখান থেকে ফেরার পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সদর উপজেলার আখাইলকুড়া, আমতৈল, মনোমুখ, খলিলপুর, কনকপুর ও মোস্তফাপুর ইউনিয়নের সহস্রাধিক ঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হবে।"
সদর উপজেলা চেয়ারম্যান মো. সাব্বির মিয়া বলেন, "রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্তস্থায়ী এ ঝড়ে আখাইলকুড়া ও মনোমুখ ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।"
মৌলভীবাজার জেলা প্রশাসক মফিজুল ইসলাম দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
তিনি সাংবাদিকদের বলেন, "সদর উপজেলা ইউএনও এর কাছে ত্রাণ সামগ্রী চাহিদার পরিমাণ চাওয়া হয়েছে। সরকারি ভাবে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বরাদ্দ হওয়ার পর তা এলাকায় বিতরণ করা হবে।"
মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক হাবিবুর রহমান আকন্দ জানান, ঝড়ে বিদ্যুতের ১৪টি খুঁটি উপড়ে পড়ে।
মেরামত শেষে দ্রুতই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৪০ ঘ.
bdnews24