২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা বন্ধ করে সন্ত্রাসী মাকসুদের জানাযা

রাস্তা বন্ধ করে ইন্টারপোলের রেড নোটিশ এবং জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বরিশাইল্লা মাকসুদের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 06:13 PM

Updated : 24 Aug 2022, 08:36 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তা বন্ধ করে ইন্টারপোলের রেড নোটিশ এবং জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বরিশাইল্লা মাকসুদের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের চাষাঢ়া চত্বরে জানাযা শেষে একটি শোকর‌্যালি বের করা হয়। জানাযা ও শোকর‌্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। এ উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে বিভিন্ন মার্কেটের দোকানপাটও বন্ধ রাখা হয়। রোববার সকালে গাজীপুর জেলার পূবাইল ইউনিয়নের তালুটিয়ায় নুরুল আমিন মাকসুদ ওরফে বরিশাইল্লা মাকসুদের লাশ পাওয়া যায়। সোমবার সকাল ১১টায় জানাযার আগে নাসিম ওসমান বলেন, জোট সরকারের আমলে মাকসুদসহ কয়েকজনের নাম ইন্টারপোলের তালিকায় তোলা হয়। মাকসুদকে কারা হত্যা করেছে তা বর্তমান সরকার তদন্ত করবে। মাকসুদ খুন, ধর্ষণ ও চাঁদাবাজি করেনি। তাই সে সন্ত্রাসী নয় বলে তিনি দাবি করেন। সাংসদ নাসিম ওসমানও একই ধরনের বক্তব্য দেন। আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, নিহতের বড় ভাই রুহুল আমিন বাদশা, ছেলে সোয়াদ প্রমুখ। রোববার বিকালে মাকসুদের লাশ নারায়ণগঞ্জ শহরের খানপুরের বাড়িতে পৌঁছে। সন্ধ্যায় মাইকিং করে সোমবার দুপুর পর্যন্ত শহরে মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার আহবান জানানো হয়। সোমবার সকাল থেকে শহরের চাষাঢ়া, ডিআইটি বাণিজ্যিক এলাকা, উকিলপাড়া, নয়ামাটি, টানবাজারসহ বিভিন্ন এলাকায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান এবং পণ্য উঠানো-নামানো বন্ধ ছিল। দুপুর পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল করেনি। চাষাঢ়া থেকে মিশনপাড়া মোড় পর্যন্ত রাস্তায় অনুষ্ঠিত জানাযায় বিপুল সংখ্যক লোক অংশ নেয়। এরপর লাশ নিয়ে শোক র‌্যালি বের করা হয়। পরে শহরের মাসদাইর কবরস্থানে লাশ দাফন করা হয়। বক্তৃতা চলাকালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাস্তা বন্ধ থাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক এবং নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০০০ ঘ.