ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামপুরায় পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় রোববার র্যাব সদস্যরা চার ধর্ষককে গ্রেপ্তার করেছে।
এরা হলো সাগর (২২), আনিস (২২) শাহজালাল (২৬), ও উজ্জল (২২)।
গত ১৬ এপ্রিল কারখানার কাজ শেষে রাতে ওই কিশোরী পোশাকশ্রমিক (১৬) বাড়ি ফেরার পথে চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় তার মুখ বেধে তাকে ধর্ষণ করে এ চার যুবক। এ ঘটনা কাউকে জানানো হলে তাকে মেরে ফেলারও হুমকি দেয় তারা।
র্যাব-৩ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম জানান, নির্যাতনকারীরা বিষয়টি মিটিয়ে ফেলার জন্য কিশোরী ও তার অভিবাবকদের নানাভাবে চাপ দিতে থাকে। এ খবর পেয়ে র্যাব সদস্যরা খিলগাঁও মাটির মসজিদ এলাকায় একটি শালিসি বৈঠকের আয়োজন করে। সেখানে নির্যাতনের শিকার কিশোরী মেয়েটিকে হাজির করা হয়। ধর্ষকরাও সেই বৈঠকে হাজির হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা আরো বলেন, এই বখাটেরা দীর্ঘদিন ধরেই খিলগাঁও ও রামপুরা এলাকার ছাত্রী ও পোশাককর্মীদের উত্যক্ত করে আসছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২০৩৪ ঘ.
bdnews24