যশোর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে সোমবার সকালে আটটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক সাব্বির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় হাতে তৈরি বোমাগুলো উদ্ধার করা হয়।
কয়েকজন সন্ত্রাসী নাশকতার জন্য বোমাগুলো এনেছিল বলে তারা সংবাদ পান। পুলিশ এসে যাওয়ায় বোমা ফেলে পালিয়েছে।
তিনি বলেন, ছয়টি বোমা ছোট জর্দার কৌটায় তৈরি এবং বাকি দু'টি একই আকারের হলেও সুতলি দিয়ে মোড়া। বোমাগুলো এখনো কোনো বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়নি। থানায় পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
পলিটেকনিক এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24