ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে নির্বাচনী ব্যয় যথাসময়ে জমা না দেওয়ার মামলা তিনমাসের অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি এ মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
সোমবার বিচারপতি মো. সিদ্দিকুর রহমান মিয়া ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চ মিলনের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
গত বছরের ২৮ জুলাই চাঁদপুর জেলার রিটার্নিং কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ চাঁদপুর মডেল থানায় মিলনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ৩১ জানুয়ারি নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার তারিখ থাকলেও মিলন ২ ফেব্র"য়ারি তা জমা দেন।
মিলনের জামিন আবেদনের শুনানিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, "নির্ধারিত সময়েই মিলন নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছেন। কারণ, ৩১ জানুয়ারি ও ১ ফেব্র"য়ারি ছুটি থাকায় তিনি ২ ফেব্র"য়ারি তারিখে হিসাব জমা দেন।"
বিএনপি নেতা মিলন গত ১৪ মার্চ অপর একটি মামলায় চাঁদপুর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
ব্যারিস্টার খোকন সাংবাদিকদের জানান, মিলন তার বিরুদ্ধে দায়ের সাতটি মামলার মধ্যে এটি নিয়ে দুটিতে জামিন পেলেন।
সরকারের পক্ষে মিলনের জামিন আবেদনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটনি জেনারেল শাকিলা রওশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/১৩৩৪ ঘ.
bdnews24