মঈনুল হক চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আচরণবিধি মেনে প্রচারণা চালাতে ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) উপনির্বাচনের দুই প্রার্থীকে সতর্ক করে চিঠি দেবে নির্বাচন কমিশন।
লালমোহন উপজেলায় হামলা ও সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রোববার নির্বাচন কমিশন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন ও বিরোধীদল বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আগামীকাল সোমবার ভোলার রিটার্নিং কর্মকর্তার কাছে এ চিঠি পাঠানো হবে। তিনি আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনী প্রচারণা সম্বনয়কের মাধ্যমে প্রার্থীদের কাছে সে চিঠি পৌঁছে দেবেন।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্যে দুই প্রার্থীকে সতর্ক করতে চিঠি দেওয়া হবে। কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা না ঘটানোর জন্যই অনুরোধ থাকবে আমাদের।"
তিনি জানান, প্রথমবার সতর্ক করে দেওয়ার পরও ঘটনার পুনরাবৃত্তি হলে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে চিঠিতে।
নির্বাচনী আইন অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জেল-জরিমানাসহ সর্বোচ্চ ব্যবস্থা প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে ইসির।
আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে উপনির্বাচন হবে।
বৃহস্পতিবার লালমোহন উপজেলায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন বিএনপির সাবেক সাংসদ নাজিম উদ্দীন আলম। বিকালে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও বিএনপি ঘটনার জন্য পরস্পরকে দায়ী করে।
ওইদিন বিকালে ভোলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এ এস এম এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নের সাতানি বাজারে একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণায় চালাতে গেলে দুদলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে মারামারি হয়।
এতে উভয় দলের বেশ কয়েকজন আহত হয়।
ওইদিনই নির্বাচন কমিশন ঘটনা তদন্তে যুগ্ম জেলা জজের নেতৃত্বে বিচারিক তদন্ত কমিটি (জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি) গঠন করে। কমিটিকে শুক্রবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (আইন) এ কে এম সলিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত প্রতিবেদন পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিবেদন পর্যালোচনা করে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আগামীকাল সোমবার দুই প্রার্থীকে সতর্ক করে ভোলা-৩ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা চিঠি পাঠাবে।
নির্বাচন কমিশনার সাখাওয়াত আরো জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে- লালমোহনে পুলিশ এক পক্ষ অন্যপক্ষের সমাবেশস্থলে না যাওয়ার অনুরোধ জানিয়েছিল। কিন্তু পুলিশের অনুরোধ উপেক্ষা করায় হামলার ঘটনা ঘটেছে।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত প্রতিবেদনে দুই দলের নেতাকর্মীদের ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে কমিটি। এ জন্যে নির্বাচন কমিশন দুই দলের সমন্বয়ককে বিষয়টি অবহিত করতে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেবে।
রিটার্নিং কর্মকর্তা দলের সমন্বয়কের মাধ্যমে দলীয় প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার অনুরোধ জানাবে।
আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তোফায়েল আহমেদ এবং বিএনপি প্রার্থীর সমন্বয়ক নাজিমউদ্দীন আলম।
শেষ মুহূর্তে সেনা মেতায়েনেরও উদ্যোগ নেওয়া হতে পারে
শেষ মুহূর্তে ভোলা-৩ নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন করা হতে পারে-এমন ইঙ্গিত দিলেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কাউকে কোনো ধরনের চান্স দিতে চাই না। কেউই নির্বাচন কমিশনের যেনো দোষ দিতে না পারে- সব কিছু পর্যবেক্ষণের পর সে ব্যবস্থাই নেওয়া হতে পারে।"
শেষ পর্যন্ত সেনা মোতায়েন করা হবে কিনা জানতে চাইলে সাখাওয়াত বলেন, "দেখা যাক না! এখনো পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনী রয়েছে। নির্বাচনী এলাকা শান্ত। আরো কয়েকদিন পর্যবেক্ষণ করবো আমরা। এরপর প্রয়োজনে বৈঠক করে সিদ্ধান্ত নেবো।"
বিএনপি শুরু থেকেই ভোলায় সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিল। এমনকি তা নাহলে নির্বাচন বর্জনেরও হুমকি দিয়ে আসছে দলটি।
দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া বৃহস্পতিবারের হামলার পর সেনা মোতায়েনের দাবি জানিয়ে বলেছেন, তা না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড় তোলা হবে।
আওয়ামী প্রার্থীর নির্বাচনী প্রচারণার সমন্বয়ক তোফায়েল আহমদও ওইদিন বলেছেন, সেনা মোতায়েন করবে কি-না সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এখানে তাদের কোনো হাত নেই।
প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন সন্তুষ্ট না হলে নির্বাচনের ফল বাতিল করা হবে। এমনকি নির্বাচনের আগে সহিংস ঘটনা ঘটলেও নির্বাচন বাতিল করা হবে বলে জানান তিনি।
পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার ভোলায় যাচ্ছেন সিইসি।
অপর নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এখন তজুমদ্দিন রয়েছেন।
রোববার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনী এলাকায় দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পুরো শান্ত। পুরো এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে, টহলে রয়েছে র্যাব-পুলিশ।"
তিনি বলেন, "নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করা লাগে তার ব্যবস্থা নেওয়া হবে।"
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে বিজয় হন আওয়ামী লীগের মো. জসিম উদ্দিন। তিনি সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর পেয়েছিলেন।
বাধ্যতামূলক অবসরের পর নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের আগে নির্বাচন করায় তার প্রার্থিতা নিয়ে আদালতে অভিযোগ করেন পরাজিত প্রার্থী বিএনপির হাফিজ উদ্দিন আহমেদ।
আদালত জসিমের প্রার্থিতা বাতিল করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/০০০৪ ঘ.
bdnews24