ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনা, রংপুর ও গোপালগঞ্জে রোববার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে।
বরগুনা-নিশানবাড়িয়া সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে সাকিব নামের এক শিশু মারা গেছে। এ সময় বাসটির ১৪জন যাত্রী আহত হয়।
রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতল নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে গেলে একজন নিহত এবং দুইজন আহত হয়।
গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস চাপায় মারা গেছেন অজ্ঞাতনামা এক নারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
বরগুনা: বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে বাসটি নিশানবাড়িয়া থেকে বরগুনা আসার পথে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব তার দাদির সঙ্গে বরগুনা কারাগারে তার বাবাকে দেখে বাড়ি ফিরছিলো। এ ঘটনায় বাসের আরো ১৪ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিচয় জানাতে পারেননি ওসি বাবুল।
রংপুর: হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে রংপুর থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে।
নিহত দোকানির নাম জানা যায়নি । আহত দুজন দোকানের ক্রেতা ছিলেন বলে জানান এসআই দীন মোহাম্মদ।
গোপালগঞ্জ: মকসুদপুর থানার ওসি এ কে এম লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুরে একটি যাত্রীবাহী বাস ওই মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অজ্ঞাতনামা ওই মহিলা রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24