পিরোজপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে শুক্রবার রাতে ডাকাতির ঘটনায় চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত প্রত্যাহার করা চার পুলিশ জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) বশির আহমদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, কনস্টেবল বাবুল, ফরিদ ও নজরুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, ডাকাতির সময় ওই স্থানে কর্তব্যরত পুলিশ সদস্যদের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মিজানুর রহমানের নেতৃত্বে কমিটির অপর দুই সদস্য হলেন- সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সার্কেল) মো. আকরাম হোসনে, গোয়েন্দা বিভাগের ওসি (ডিবি) মকবুল আহম্মদ।
কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে এসপির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার শ্রীরামকাঠী বাজারের ১০টি স্বর্ণের দোকোনে ডাকাতি হয়।
এ ঘটনায় শনিবার বাবুল, আল আমিন ও হক নামের তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।
রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৯ ঘ.
bdnews24