২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিমুখি বাসে আগুন দিলো অজ্ঞাতনামা কয়েক যুবক

নগরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মধ্যে চলাচলকারী একমাত্র বেসরকারি বাস সার্ভিস 'তরী'র একটি বাসে রোববার আগুন দিয়েছে অজ্ঞাতনামা কয়েক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 01:06 PM

Updated : 24 Aug 2022, 08:35 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মধ্যে চলাচলকারী একমাত্র বেসরকারি বাস সার্ভিস 'তরী'র একটি বাসে রোববার আগুন দিয়েছে অজ্ঞাতনামা কয়েক যুবক। নগরীর ষোলশহর এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে। চবিতে ছাত্রহত্যার ঘটনায় ডাকা ধর্মঘটে ক্ষুব্ধ ছাত্ররা এ আগুন দিয়ে থাকতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খীসা। এ ঘটনায় রোববার বিকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। বৃহস্পতিবার মধ্যরাতে গ্রামবাসীর হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রলীগকর্মী মো. আসাদুজ্জামান শুক্রবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় শনি, রবি ও সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। ওই তিনদিন বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়। আসাদুজ্জামানের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ। রোববার ওসি নবজ্যোতি বলেন, "দুপুর দেড়টা নাগাদ কিছু যুবক ষোলশহর এলাকার চট্টগ্রাম বন গবেষণাগার গলিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মুখী তরী মিনিবাস সার্ভিসের একটি বাসে আগুন দেয়। এসময় তারা বাসটির চালককেও মারধর করে।" বাসচালকের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, যাত্রী হিসেবে বাসে ওঠা যুবকরাই আগুন দেয়। বিকাল পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিলো। মামলার বাদি বাসের মালিক গোলাম রসূল বাবুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯০০ ঘ.