সাভার, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন একটি সিএনজি স্টেশনের পাশে হাতে তৈরি বোমা বিস্ফোরণে দুই সহোদর আহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে রাজফুলবাড়িয়ার 'ত্রিনয়নী সিএনজি স্টেশনের পাশে বোমাটির বিস্ফোরণ ঘটে বলে র্যাব-৪ এর সাভার ফাঁড়ির কর্মকর্তা স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ওই পথে সাভার যাওয়ার আগে নাশকতার পরিকল্পনা থেকে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
বিস্ফোরণে আহতরা হলেন- আশরাফুল হক (২২) ও এনামুল হক (৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে বলে র্যাব জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.
bdnews24