ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জের পাঁচ খুন মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম দ্বীন ইসলাম ধীরা (৪০)। রাববার ভোররাতে সদর উপজেলার নাটাই ইউনিয়নের বড়হরণ রেল সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি হামিদুল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, "ধীরা নবীনগর উপজেলা থেকে একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে আসছিলো এমন খবরের ভিত্তিতে ওঁৎ পেতে তাকে গ্রেপ্তার করা হয়।"
ধীরার কাছে টু-টু বোরের রিভলবারের এক রাউন্ড গুলি পাওয়া গেছে বলেও জানান ওসি।
সদর থানার উপ-পরিদর্শক মফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৬ সালের ১৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের সরকার বাড়িতে পাঁচ জনকে এক সঙ্গে খুন করা হয়। সে মামলায় ধীরা আসামি।
চুরি ও ডাকাতির অভিযোগে ধীরার বিরুদ্ধে আরো পাঁচটি মামলা রয়েছে বলে মফিজ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24