মানিকগঞ্জ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গিয়ে মানিকগঞ্জে বিএনপির দুই পক্ষের মারামারিতে আহত হয়েছে অন্তত ১০ জন।
বিএনপি চেয়ারপারসন ওই পথেই রোববার সকালে খুলনা যান। তিনি পাটুরিয়া ঘাটে পৌঁছানোর আগেই বিএনপির দুই পক্ষের সংঘর্ষ বাঁধে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরে পুলিশ লাঠিপেটা করে দুই পক্ষকে হটিয়ে দেয়। পাটুরিয়া ঘাটে খালেদার বক্তৃতা দেওয়ার কথা থাকলেও তা দেননি তিনি। সকাল সোয়া ১০টার দিকে তিনি পাটুরিয়া ঘাট পার হন।
স্থানীয়রা জানায়, সকাল সোয়া ৯টার দিকে ঘাট এলাকায় আলাদা মিছিল বের করে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সমর্থক এবং মানিকগঞ্জ জেলা বিএনপির নেতা তোজাম্মেল হকের সমর্থকরা। দুই মিছিল মুখোমুখি হলেও মারামারি বাঁধে।
শিবালয় থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, দুটি মিছিল সংঘর্ষে লিপ্ত হলে তাদের হটিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়।
মারামারির জন্য উভয় পক্ষ পরষ্পরকে দোষারোপ করেছে।
তোজাম্মেল সাংবাদিকদের বলেন, "আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে ঘাট এলাকায় পৌঁছলে মহাসচিবের লোকজন আমাদের ওপর হামলা চালায়।"
অন্যদিকে দেলোয়ার সমর্থক জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামিলুর রশিদ খান বলেন, "তোজাম্মেলের লোকজনই আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫০ ঘ.
bdnews24