চাঁদপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার থানা রোডে শনিবার গভীর রাতে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শনিবার রাত ৩টার দিকে ওই আগুন লাগে। দমকলকর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে সুমনের রাজ সাইকেল স্টোর, মাসুদ আলম পাটোয়ারীর লাবনী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি ও ডিলারশিপের দুটি দোকান এবং মাহবুবের মাহবুব স্টোর নামের একটি মুদি দোকান পুড়ে গেছে।
দমকল বাহিনীর হিসাবে আগুনে সাড়ে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।
তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, তাদের ১৫-১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৪৪ ঘ.
bdnews24